পল্লবীতে যুবদল নেতা হত্যা মামলার আসামির ডিবি হেফাজতে মৃত্যু

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার এক আসামি গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে মারা গেছেন। ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ১৭ নভেম্বর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়া নিহত হন। নিহতের স্ত্রী মামলা দায়ের করার পর তদন্তের স্বার্থে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) শরীয়তপুরে অভিযান চালিয়ে নজরুল, মাসুম ও জামান নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায়, কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র তাদের সহযোগী মোক্তার হোসেনের কাছে।

ডিসি তালেবুর রহমান বলেন, সেই তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় পল্লবীর একটি গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোক্তার পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করায় তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে মোক্তারের দেখানো মতে একটি রিকশা গ্যারেজ থেকে আট রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আটকের পর মোক্তারকে ডিবি কার্যালয়ে নেওয়া হলে রাত দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঔষধ দিয়ে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তাকে আবার ডিবি কার্যালয়ে ফিরিয়ে আনা হয়।

পরদিন শুক্রবার সকালে তাকে খাবারের জন্য ডাকাডাকি করা হলে কোনো সাড়া না পেয়ে পুনরায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495