কঠোর গোপনীয়তায় কারাগার থেকে সরানো হলো স্ত্রীসহ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমীনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গোপনে স্থানান্তর করা হয়েছে। কয়েক দিন আগে স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (২৪ নভেম্বর) রাতে।

কারা কর্তৃপক্ষও দুজনকে অন্য কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজশাহী কারাগারে এবং তার স্ত্রীকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। একাধিক হত্যা মামলা, চাঁদাবাজি এবং সাম্প্রতিক ডাবল মার্ডার–সব মিলিয়ে সাজ্জাদের বিরুদ্ধে মামলা এখন ডজনখানেক। চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম কারাগারে বন্দি থাকা অবস্থায়ও এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে, কারাগারের ভেতর থেকেই সাজ্জাদ তার বাহিনীকে নির্দেশনা দিচ্ছিল—হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ চালিয়ে যেতে। নিরাপত্তা সংশ্লিষ্টদের ধারণা, কারাগারে বসে অপরাধ নিয়ন্ত্রণ করার প্রবণতা ঠেকাতেই তাকে দূরবর্তী কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, প্রায় ১০ দিন আগে স্থানান্তরের কাজ শেষ হয়েছে। তথ্য প্রকাশ না পাওয়াই প্রক্রিয়াটির গোপনীয়তা বোঝায়। সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনও দুজনকে আলাদা কারাগারে পাঠানোর কথা নিশ্চিত করেন।

কারা বিভাগের চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি প্রিজন ছগির মিয়া বলেন, “নিরাপত্তাজনিত কারণে সাজ্জাদকে রাজশাহী এবং তার স্ত্রীকে ফেনীতে স্থানান্তর করা হয়েছে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495