পিলখানা ট্র্যাজেডি: স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন আজ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

ছবি: সংগৃহীত

পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রবিবার তার মেয়াদের শেষ দিনে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে।

কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান শনিবার জানান, রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম ভবনে কমিশনের তদন্ত অগ্রগতি ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবাদ সম্মেলনের আগেই কমিশন তার চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জমা দিতে পারে।

এদিকে আগামী সোমবার সকাল পৌনে ১১টায় রাওয়া ক্লাবের ঈগল হলে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারবর্গ কমিশনের প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর জন্য সংবাদ সম্মেলন করবেন।

গত বছরের ২৩ ডিসেম্বর পিলখানায় ২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারির হত্যাযজ্ঞ তদন্তে সাত সদস্যের এই স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। সাবেক বিডিআর মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে প্রধান করে গঠিত কমিশনে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা এবং পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন। কয়েক দফা সময় বাড়ানোর পর আজ কমিশনের বর্ধিত মেয়াদের শেষ দিন।

গত ২৫ জুন এক সংবাদ সম্মেলনে কমিশন জানিয়েছিল, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন কিছু রাজনৈতিক নেতার সংশ্লিষ্টতার প্রমাণ তারা পেয়েছেন। ঘটনাটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। পাশাপাশি আলামত নষ্ট করার চেষ্টারও তথ্য পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে।

কমিশন গঠনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, পিলখানা হত্যাকাণ্ডে দুটি মামলা চলমান থাকায় নতুন কমিশন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই মন্তব্যের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিশন গঠনের দাবি তুলে সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে সরকার কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়।

এর আগে ১৯ ডিসেম্বর পিলখানা ট্র্যাজেডি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবার। তালিকায় তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাও রয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495