ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের ব্যাপক আস্থা: জরিপ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০১ এএম

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে- এমনই তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের এই জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ ভোটার জানিয়েছেন, ড. ইউনূস দায়িত্বশীলভাবে ভালো কাজ করছেন। আর ৭০ শতাংশ নাগরিক অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে মানুষ দেশে অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার ভাষ্য অনুযায়ী, সরকার ও নেতৃত্বের প্রতি জনগণের এই আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং সংস্কার প্রত্যাশার প্রতিফলন।

জরিপে আরও উঠে এসেছে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ অনেক বেশি। ভোট দিতে খুবই আগ্রহী—এমনটি জানিয়েছেন ৬৬ শতাংশ ভোটার। ‘কিছুটা আগ্রহী’ বলে জানিয়েছেন ২৩ শতাংশ অংশগ্রহণকারী। পাশাপাশি, অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ বিশ্বাস করেন আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহান্না কাও আরও বলেন, ভোটারদের এই উৎসাহ নিশ্চিত করে যে—সংস্কার প্রক্রিয়া ধরে রাখা ও নির্বাচনকে শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য করা এখন অত্যন্ত জরুরি।

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে থাকে। নীতি, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495