খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতাল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসহ নানাবিধ জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর তিনি মুক্তি পান। এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান এবং প্রায় চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।
ফিরে আসার পর নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়—তার অবস্থা সংকটাপন্ন।
হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং সবাইকে ধৈর্য ধরতে বলেন। একই সঙ্গে তিনি অনুরোধ করেন—খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজব না ছড়াতে।
ডা. জাহিদ আরও জানান, যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসার কথা রয়েছে। তারা যদি খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের পরামর্শ দেন, তবে সে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে।