আমাদের রাজস্ব-ডিডিপি অনুপাত উগান্ডার চেয়েও খারাপ: এনবিআর চেয়ারম্যান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, প্রতি বছর রাজস্ব আয় বাড়লেও জিডিপির তুলনায় এর হার এখনো খুবই কম। উদাহরণ হিসেবে তিনি বলেন, আফ্রিকার দেশ উগান্ডায় জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার সাড়ে ১২ শতাংশ, যাদের নিয়ে আমরা অনেক সময় হাসাহাসি করি। অথচ বাস্তবে রাজস্ব–জিডিপি অনুপাতের ক্ষেত্রে বাংলাদেশ তাদের চেয়েও পিছিয়ে।
মঙ্গলবার জাতীয় রাজস্ব ভবনে ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। কোন খাত থেকে রাজস্ব ঠিকভাবে আদায় হচ্ছে না—তা খুঁজে বের করতে গবেষণার প্রয়োজন আছে। ভ্যাট ও আয়কর—এই দুই উৎস থেকেই আয় বাড়াতে হবে।
তিনি আরও বলেন, “আয় না বাড়লে যেমন পরিবার ঋণে জর্জরিত হয়, রাষ্ট্রের ক্ষেত্রেও একই অবস্থা। তবে আমরা কোনো ধরনের জোরজবরদস্তি নয়, বরং যারা কর দেন না তাদের করের আওতায় আনার দিকেই গুরুত্ব দিচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‘ভ্যাট সপ্তাহ’। ১০–১৫ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী ভ্যাট কার্যক্রম চলবে। এবারের প্রতিপাদ্য— ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। পাশাপাশি ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন চালাবে এনবিআর। এতে নতুন করে প্রায় এক লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য রয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, এখনো অনেক প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা করছে। এদের সঠিক সংখ্যা জানা না থাকলেও মোট সংখ্যা অনেক বেশি বলেই ধারণা।
চলতি অর্থবছরে অতিরিক্ত ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কতটা অর্জন সম্ভব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “লক্ষ্যমাত্রা সব সময়ই চ্যালেঞ্জিং। টার্গেট বাড়লে চ্যালেঞ্জও বাড়ে। এনবিআরের গোয়েন্দা সংস্থাগুলোকে কর ফাঁকি রোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক ফাঁকি ধরা পড়েছে, ভবিষ্যতেও এ অভিযান চলবে।”