মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকায় তার দাদা শ্বশুরবাড়ি থেকে তাকে ধরেপাকে পুলিশ।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আয়েশা আত্মগোপনে ছিল। তেজগাঁও বিভাগের ডিসি, এডিসি ও এসির তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা শহিদুল ওসমান মাসুম ও এসআই খোরশেদ আলম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় আলোচিত এই জোড়া হত্যাকাণ্ড ঘটে। নিহত লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। লায়লার শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার শরীরে ৬টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়।
হত্যাকাণ্ডের দিন বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় ঢোকে এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের নৃশংসতা দেখে ধারণা করা হয়েছিল এটি হয় প্রশিক্ষিত কারও কাজ, নয়তো প্রবল ক্ষোভের বহিঃপ্রকাশ। এমন ভয়াবহ সুরতহাল প্রতিবেদন সাম্প্রতিক সময়ে তারা আর দেখেনি।