আচরণবিধি মানতে নিজ হাতে নিজের পোস্টার ছিড়ছেন শিশির মনির

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির নির্বাচনী আচরণবিধি মেনে নিজ হাতে নিজের প্রচারপোস্টার অপসারণ শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়- সড়কে টাঙানো পোস্টার তিনি নিজেই ছিঁড়ে ফেলছেন।

ভিডিওবার্তায় শিশির মনির বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সকল ব্যানার, পোস্টার, ফেস্টুন, আলোকসজ্জা ও অন্যান্য প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশনা মানতেই তারা নিজেরাই নিজেদের সামগ্রী সরিয়ে ফেলছেন। তিনি জানান, শুধু একটি এলাকায় নয়- দুই থানাজুড়ে যেসব স্থানে তাদের পোস্টার লাগানো হয়েছে, সেখান থেকেও নিজ দায়িত্বে সবকিছু নামিয়ে ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন, আচরণবিধি মানা সব প্রার্থী ও কর্মীদের দায়িত্ব। নিজেরা আইন না মানলে অন্যকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। তাই আইনকে সম্মান জানিয়ে আগাম অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশনা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আগাম প্রচারসামগ্রী অপসারণ না হলে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495