জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
মব সন্ত্রাসের কারণে পুরো জাতি বিভক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ফটোকার্ডে তার এই বক্তব্য তুলে ধরা হয়।
এর কয়েক ঘণ্টা আগে দেওয়া আরেকটি বার্তায় মির্জা ফখরুল মব সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। তারা সংকটের সুযোগ নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুটি গণমাধ্যমের কার্যালয়েও হামলার অভিযোগ ওঠে।
এদিকে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণাকালে গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী হিসেবে আলমগীর শেখ মোটরসাইকেল চালকের ভূমিকা পালন করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র্যাব ১৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে।