তারেক রহমানের ফ্লাইট থেকে হঠাৎ দুই ক্রু প্রত্যাহার, ঘটনা কী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা ফেরার বিশেষ ফ্লাইট থেকে হঠাৎ দুই কেবিন ক্রুকে প্রত্যাহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। এরই অংশ হিসেবে নির্ধারিত বিজি–২০২ ফ্লাইটের ডিউটি রোস্টার থেকে জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে সরিয়ে নেওয়া হয়।
বিমান সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে এই দুই ক্রুর ঘনিষ্ঠতার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভিআইপি যাত্রার ক্ষেত্রে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করা হয়।
সূত্র আরও জানায়, তারা নিয়মিত সাবেক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ভ্রমণসংক্রান্ত ফ্লাইটে দায়িত্ব পালন করতেন। ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই জরুরি ভিত্তিতে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এরপর বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ নতুন করে দায়িত্ব পুনর্বিন্যাস করে। সংশোধিত তালিকায় ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বিজি–২০২ ফ্লাইটটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এ ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যসহ বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন বলে জানা গেছে।
এর আগে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে কেবিন ক্রু পরিবর্তনের নজির রয়েছে। গত ২ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইটেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।