ডেইলি স্টার-প্রথম আলো নয়, আঘাত এসেছে গণতন্ত্রের ওপর: মির্জা ফখরুল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেইলি স্টার বা প্রথম আলোর ওপর নয়, প্রকৃতপক্ষে আঘাত এসেছে দেশের গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের অধিকার আবারও ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ আঘাত এসেছে শুধু দুটি সংবাদমাধ্যমের ওপর নয়, বরং মানুষের চিন্তার স্বাধীনতা, কথা বলার অধিকার এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ওপর। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, আর সেই অর্জনের জায়গাতেই এখন আঘাত হানা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নয়, বরং সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্য গড়ে তোলার সময় এখন এসেছে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭৮ বছরের জীবনে তিনি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছেন। কিন্তু আজ যে বাস্তবতা দেখছেন, তা তার কল্পনারও বাইরে।

অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বক্তব্য বা মানববন্ধন যথেষ্ট নয়। যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্বশক্তি নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495