‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে অবতরণ করে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সংবর্ধনা দিতে কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ইতিহাসের সাক্ষী হতে কুয়াশামাখা ভোরে শীতের তীব্রতা উপেক্ষা করে পূর্বাচলের সড়কজুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের শুয়ে-বসে অপেক্ষা করতে দেখা যায়। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ।
বৃহস্পতিবার সকাল থেকেই ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানী। পাশাপাশি ‘তারেক রহমান ফিরবেন, গণতন্ত্র ফিরবে’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’—এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠেন বিএনপির নেতাকর্মীরা।
স্লোগানের সঙ্গে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে এগিয়ে যেতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।