ঢাকায় পৌঁছালেন তারেক রহমান, ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এর আগে লন্ডন থেকে আসা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।

প্রায় ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দেশের আকাশসীমায় প্রবেশের পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

বিমানবন্দর থেকে লাল-সবুজে সজ্জিত একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ছিল। পথে তিনি একটি সংক্ষিপ্ত সংবর্ধনা কর্মসূচিতে অংশ নেন।

এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিট সড়কে (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) বিএনপির উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। সকাল থেকেই সেখানে মানুষের ঢল নামে। মঞ্চের সামনে ও আশপাশে তিল পরিমাণ জায়গা ছিল না। মঞ্চে ১৯টি চেয়ার রাখা হয় এবং চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখান থেকে পরে গুলশান অ্যাভিনিউয়ে মা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশের ১৯৬ নম্বর বাসায় যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানে নির্বাসিত জীবনযাপন করছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495