শিবিরের সদস্য সম্মেলন চলছে, শহীদের বাবাকে দিয়ে উদ্বোধন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। সারাদেশের সকল সদস্য এতে অংশগ্রহণ করছেন।
সকাল ৮টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শাহাদাতবরণকারী শহীদ মুনতাসির আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী, পাশাপাশি ছাত্রশিবিরের গুমকৃত সদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ও প্রারম্ভিক বক্তব্যের পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ইসলামিক স্কলারের বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশন দুপুর ১টায় শেষ হবে। এরপর দুপুর ২টা থেকে সমাপনী অধিবেশন শুরু হবে।
সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলের মনোনয়ন, সমাপনী বক্তব্য এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক সদস্য সম্মেলন–২০২৫ সম্পন্ন হবে।