বিএনপি ছাড়া অন্য দল ক্ষমতায় এসে দেশ চালাতে পারবে না: নুরুল হক নুর
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা বা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ব্যক্তিগতভাবে তিনি কী পেলেন বা তার দল কয়টি আসন পেল—এগুলো তার কাছে মুখ্য নয়। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে—এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিপলু খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি সমবেদনা জানিয়ে নুর বলেন, দলের দুঃসময়ে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। বিএনপি বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থে তাকে সমর্থন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে কাজ করবেন।
তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তাকে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিলেও তিনি তা নেননি। নুর বলেন, চরাঞ্চলের মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য। অন্তত একবার পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়ে এলাকার মানুষের অধিকার আদায় করতে চান তিনি।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।