খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জিয়া উদ্যানে পৌঁছান জাইমা রহমান।
এ সময় পরিবারের মোট ২০ জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারা দীর্ঘ সময় ধরে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন। জিয়ারত ও দোয়া শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন।
কবর জিয়ারতের সময় জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের শান্ত ও স্থির অবস্থায় দেখা যায়। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনকালে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এরও আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা, যেখানে লাখো মানুষ অংশ নেন।