এবারের নির্বাচন টেন্ডারবাজি-চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন: রুমিন ফারহানা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও পেশিশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, “এবারের নির্বাচন টেন্ডারবাজি, বোমাবাজি, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে নির্বাচন। কেউ যদি মনে করে জোর করে রাজনীতি করবে, সেটি এখন আর সম্ভব নয়। জনগণ জবরদস্তির রাজনীতির দাঁতভাঙা জবাব দেবে।”

তিনি আরও বলেন, কেউ যদি মনে করে তার কোনো দল নেই, তাহলে তারা জীবনের সবচেয়ে বড় ভুল করবে। কারণ অতীতেও তিনি কোনো ভয়ভীতির তোয়াক্কা করেননি। তার পাশে সরাইল ও আশুগঞ্জের সাধারণ জনগণ রয়েছে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের ভয় দেখিয়ে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন রুমিন ফারহানা। তিনি বলেন, প্রভাব বিস্তার বা ভয়ভীতি দেখিয়ে কাউকে দমিয়ে রাখার চেষ্টা করলে তা বড় ভুল হিসেবে প্রমাণিত হবে।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে বলেন, “আমি আপনাদের মেয়ে। আপনারা আমাকে ভোট দিলে এই এলাকার পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495