শিগগিরই তারেক রহমান দলের চেয়ারপারসন হবেন: মির্জা ফখরুল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিগগিরই দলের চেয়ারপারসন করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, ‘আগামী দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে।’
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না।’ তিনি বলেন, এটি জাতির জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন।
নির্বাচন নিয়ে গণমাধ্যমের আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। আমরা আশাবাদী। নির্বাচন তার পথে এগিয়ে চলছে এবং কমিশনের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
মব-সহিংসতা প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার আসার পর দেশে একটি নতুন কালচার শুরু হয়েছে—মবোক্রেসি। এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, যেখান থেকে আমাদের বের হতে হবে।’
তিনি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। ভবিষ্যতে যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তা ছিল তাঁর স্বপ্ন।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাই। গণতন্ত্র ও গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’
মহাসচিব জানিয়েছেন, বিএনপি এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে সিলেট থেকে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, যার মধ্যে ছিলেন খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিক, মিফতাহ সিদ্দিকী, আব্দুল কাইয়ুম চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদী ও এমদাদ হোসেন চৌধুরী।