জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওবায়দুল কাদের, অবস্থা অত্যন্ত গুরুতর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

ছবি: সংগৃহীত

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীর বর্তমানে কোনো ধরনের চিকিৎসায় সাড়া দিচ্ছে না।

এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের একটি সম্প্রচারমাধ্যমের বরাতে জানা যায়, ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে কলকাতার বাসায় ফিরিয়ে নেওয়া হবে। সেখানে চিকিৎসক, লাইফ সাপোর্টসহ প্রয়োজনীয় মেডিকেল সুবিধার মাধ্যমে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

প্রতিবেদনে বলা হয়, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউন এলাকায় একটি বাসায় তার চিকিৎসা চলছিল এবং অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল।

শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে রাখা হলেও চিকিৎসায় প্রত্যাশিত সাড়া মিলছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, অবস্থা অত্যন্ত গুরুতর।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে চলে যান ওবায়দুল কাদের। বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিন মাস আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের নভেম্বর মাসে দেশ ছাড়েন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির বিষয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ তৈরি হলে এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। এর আগে ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। নোয়াখালী-৫ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এই প্রভাবশালী রাজনীতিক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495