পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
আপাতদৃষ্টিতে দেশে আবারও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তা ভোটের আগেই মাঠে নেমে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব এখন স্পষ্ট হয়ে উঠেছে। জনগণের রায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করাকে তিনি গণতন্ত্রের জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, পুরোনো রাজনৈতিক ‘সেটেলমেন্টের’ পথে আবারও এগোনোর চেষ্টা হলে তা রুখে দেওয়া হবে এবং ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।
এ সময় তিনি এনএসআই প্রধানের একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক করার ঘটনাও সমালোচনা করেন এবং একে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতার জন্য হুমকি বলে মন্তব্য করেন।
ভোটের পরিবেশ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার দাবি, নির্বাচন কমিশন ও সরকার এখনো গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এ কারণে নির্বাচন কমিশনের ওপর এনসিপির পূর্ণ আস্থা নেই বলেও জানান তিনি। এমনকি আদৌ নির্বাচন হবে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আরও সমালোচনা করে তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তার অভিযোগ, বড় দলের পক্ষে রিটার্নিং কর্মকর্তারা কাজ করেছেন। আপিল প্রক্রিয়াতেও যদি একই চিত্র দেখা যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার কোনো অপচেষ্টা যেন না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান এনসিপির এই মুখপাত্র।