বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ দায়িত্ব নেন।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের ফলে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষাপটে গঠনতন্ত্র অনুসারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৯টার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই।
এর আগে ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার ইন্তেকালের পর চেয়ারম্যান পদটি শূন্য হলে দলের নেতৃত্বে এই আনুষ্ঠানিক পরিবর্তন আসে।
বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারা অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। সে অনুযায়ী তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির ভেতরে ও বাইরে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নেতৃত্ব দেবেন তারেক রহমান। এই নির্বাচনের মাধ্যমেই তিনি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণকারী তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় রাজনীতিতে সক্রিয় হন তিনি। ২০০১ সালের নির্বাচনের পর তার রাজনৈতিক প্রভাব দৃশ্যমান হয়। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।