বিএনপি এমন একটি দল, যেখানে আলেম-ওলামারা নিরাপদ: শামা ওবায়েদ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেখানে আলেম-ওলামারা নিরাপদ। এ দল কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; মানুষের মন জয় করতে হয় ভালোবাসা ও সম্মানের মাধ্যমে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সালথার বহু আলেম-ওলামা আহত ও নিহত হয়েছেন। অনেকের পা ভেঙে গেছে, কেউ গুলিবিদ্ধ হয়েছেন। ওই সময় অসংখ্য আলেম-ওলামাকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার বাবা এমপি ও মন্ত্রী থাকাকালীন কখনো কাউকে অবমূল্যায়ন করা হয়নি বা মিথ্যা মামলায় জড়ানো হয়নি। শহীদ জিয়া, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ হলো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা।
ভোটারদের সঙ্গে নিজের সম্পর্ককে আত্মার সম্পর্ক উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “গত ১৭ বছর আমাকে আপনাদের থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে আপনাদের সঙ্গেই রেখেছেন।”
আগামী নির্বাচনে বিজয়ী হলে রামকান্তপুর ইউনিয়নকে আন্তর্জাতিক মানের একটি মডেল ইউনিয়নে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সালথা উপজেলা বিএনপির হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, সালথা উপজেলায় মানসম্মত কোনো হাসপাতাল নেই। নির্বাচিত হলে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে দরিদ্র মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা পাবে।
মাদ্রাসা ও আলেম-ওলামাদের বিষয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই দেখেছেন তার বাবা মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। নির্বাচিত হলে মাদ্রাসা ও মসজিদের সংস্কার ও উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
ভোট প্রসঙ্গে তিনি বলেন, মানুষ জানে কাকে ভোট দিলে উন্নয়ন হবে এবং কারা রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করবে। তিনি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজিতে জড়িত থাকে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সভায় সালথা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।