গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম
ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে একজন গানম্যান দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিএনপি নেতা মাসুদ অরুনের পর এবার এই তালিকায় যুক্ত হলেন তিনি।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। সে কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। ওই সুপারিশের ভিত্তিতেই জামায়াত আমিরের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।