গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে সেখানে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিএনপি রাষ্ট্রের গুণগত সংস্কারে বিশ্বাসী এবং এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবও দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদে নারীদের আসন বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, নারী প্রতিনিধিত্বের কথা বলা হলেও অনেক দল বাস্তবে তার প্রতিফলন ঘটায় না। উদাহরণ দিয়ে তিনি বলেন, জামায়াত একটি আসনেও নারী প্রার্থী দেয়নি, অথচ বিএনপি নারী ক্ষমতায়নে আন্তরিকভাবে বিশ্বাস করে।

বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495