আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে শোকজ করেছে ইসি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মামুনুল হককে এই শোকজ নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তার অনুসারীদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়।

চিঠিতে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১২(১) অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর স্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা সবার দায়িত্ব। নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারেন না। অভিযোগের সত্যতা পাওয়ায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495