এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে: আসিফ মাহমুদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না—সে বিষয়ে দলটি নতুন করে চিন্তাভাবনা করছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা অর্জনের কথা ছিল, তা নির্বাচন কমিশন হারিয়েছে। তিনি বলেন, “যদি এভাবেই নির্বাচনি কার্যক্রম এগোয়, তাহলে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না ইসি—এমন শঙ্কা আমাদের রয়েছে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন কমিশনের প্রতি আমরা আস্থা রাখতে পারছি না। এ অবস্থায় আমরা এই নির্বাচনে অংশ নেব কি না, তা এখনো বিবেচনায় রয়েছে।”

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তি, ঋণখেলাপি এবং ঋণখেলাপির গ্যারান্টারদের অনেকের মনোনয়ন ছাড় দেওয়া হয়েছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে।

এ সময় ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আজকের ঘটনাপ্রবাহ ছিল পরিকল্পিত নাটকের মতো। আপিল শুনানির শেষ দিনে ছাত্রদলের দুই-তিন হাজার নেতাকর্মী এক ধরনের মব তৈরি করে নির্বাচন কমিশনের ওপর বাহ্যিক চাপ সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “রায়ের আগমুহূর্তে বিচারক যদি অপরাধী বা তাদের পক্ষের লোকদের সঙ্গে বসে আলোচনা করেন, তাহলে সে রায় কখনোই নিরপেক্ষ হতে পারে না। আমরা দেখেছি কমিশনাররা ১৫ মিনিটের শুনানির কথা বলে দেড় ঘণ্টা ধরে বিএনপির একদল নেতার সঙ্গে আলোচনা করেছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495