ক্ষমতায় গেলে দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত: ডা. তাহের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শুধু দলের সদস্য নয়, দেশের যোগ্য নাগরিককেও মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দলটির পলিসি সামিটের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডা. তাহের বলেন, “আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। ক্ষমতায় গেলে আমরা শুধু দলীয় সদস্যকে নয়, দেশের মানুষ থেকে যোগ্য ব্যক্তিদের মন্ত্রিসভার অংশ বানাবো। বাংলাদেশে এই ধরনের যোগ্য লোকের অভাব নেই।”
তিনি আরও বলেন, সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ, নিরাপদ পরিবেশ, বিশেষ করে নারীদের সুরক্ষা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে। এছাড়া মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রকল্পগুলো বাস্তবায়ন, ফরেন পলিসি উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. তাহের অনলাইনে নির্বাচনী প্রচারণা নিয়ে বলেন, “অনলাইন এখন নতুন একটি কৌশল। আমরা ওয়ান টু ওয়ান কন্ট্রাক্টে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রতিনিধি ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।”