বিএনপির জোট ছাড়লেন মান্না, একক নির্বাচনের ঘোষণা নাগরিক ঐক্যের

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনী জোট থেকে সরে দাঁড়িয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন দল নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হলেও নিজেদের জন্য প্রত্যাশিত ছাড় না পাওয়ায় দলটি এই সিদ্ধান্ত নেয়।

নাগরিক ঐক্যের নেতারা জানান, মান্নার নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে শাহে আলমকে মনোনয়ন দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত ওই মনোনয়ন প্রত্যাহার না করায় দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে মাহমুদুর রহমান মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সমাধান হয়নি।

এরপর সোমবার (১৯ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ সময় ১২টি সংসদীয় আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন করবেন।

এ ছাড়া অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা-৬, কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম-২, ডা. শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়পুরহাট-২ আসনে নাগরিক ঐক্যের আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। তবে এখনো তার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বহু ত্যাগের বিনিময়ে অর্জিত, এ অধিকার কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও শপথের মধ্য দিয়েই আগামী দিনের প্রয়োজনীয় সংস্কার এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য কাছাকাছি হলেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে। শুরু থেকেই নাগরিক ঐক্যের অবস্থান ছিল—স্বৈরাচারবিরোধী আন্দোলনের ঐক্য নির্বাচন পর্যন্ত থাকবে না। নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে।

নাগরিক ঐক্যের নির্বাচনি ইশতেহার শিগগির ঘোষণা করা হবে জানিয়ে মান্না বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দলটি একমত এবং সক্রিয়ভাবে অংশ নেবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

উল্লেখ্য, এর আগে আসন সমঝোতা না হওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডিও এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। নাগরিক ঐক্যের এই সিদ্ধান্তে বিএনপি নেতৃত্বাধীন জোটে ভাঙনের চিত্র আরও স্পষ্ট হলো।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495