আলেমদের নিয়ে মিথ্যাচার বন্ধ করুন, তারা আমাদের কলিজা: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আলেম-ওলামাদের নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার বন্ধ করতে হবে। কওমি মাদরাসা বন্ধ করে দেওয়ার প্রচারণাকে তিনি জঘন্য মিথ্যা ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, একটি মহল পরিকল্পিতভাবে প্রচার করছে- জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে এবং মসজিদ থেকে আলেমদের সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এটি পৃথিবীর সবচেয়ে নোংরা মিথ্যাচারগুলোর একটি।
তিনি আরও বলেন, কওমি মাদরাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা ও মূল্যবোধ আজ যারা ধরে রেখেছেন, তারা কওমি আলেমরাই। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব- কওমি মাদরাসা মানেই আমাদের কলিজা। যারা ভয় দেখায়, তারা মতলববাজ বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
নারীদের অধিকার নিয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, বলা হয় জামায়াত বা তার মিত্ররা ক্ষমতায় গেলে নারীদের ঘরের বাইরে যেতে দেওয়া হবে না। অথচ আমাদেরও মা-বোন, স্ত্রী-কন্যা রয়েছে। তারা যদি সমাজে অবদান রাখতে পারে ও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, তবে বাংলাদেশের প্রতিটি মাকেও সেই সুযোগ দেওয়া হবে। নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
নির্বাচনি সহিংসতা ও উত্তেজনা প্রসঙ্গে তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, শীতের দিনে মাথা গরম করলে সামনে আরও কঠিন সময় আসবে। জুলাই যোদ্ধাদের সম্মান করুন, মা-বোনদের গায়ে হাত তুলবেন না। মায়ের দীর্ঘশ্বাস ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বক্তব্যের এক পর্যায়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদের কথা স্মরণ করে তিনি বলেন, ফেনী নদী নিয়ে কথা বলার অপরাধে আবরারকে জীবন দিতে হয়েছে। তিনি ফেনীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতদিন ফেনী বেঁচে থাকবে, ততদিন আবরার ফাহাদের স্মৃতি আপনাদের হৃদয়ে ধরে রাখবেন।