সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম
সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে, নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন-
“আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।”
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূরুল মজিদ। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ৬০২ নম্বর ওয়ার্ডে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করেছেন।