এবার বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবার বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। আগামী ১৩ তারিখ থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যাদের বগলের তলে ঋণখেলাপি রয়েছে, তারাই যদি দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলে, জনগণ তা আর বিশ্বাস করে না।’ তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই পরিবর্তনের পথেই এগিয়ে যাচ্ছে।
এর আগে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সকালে কক্সবাজারে পৌঁছান জামায়াত আমির। সফরের শুরুতে তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। পরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি বড় জনসভায় যোগ দেন।
ডা. শফিকুর রহমানের সফরকে ঘিরে মঞ্চসজ্জা ও জনসমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয় জামায়াতে ইসলামী। সকাল থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে জনসভা জনসমুদ্রে রূপ নেয়।
জনসভায় ১১ দলীয় জোটের পক্ষে জাগপা নেতা রাশেদ প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, ডাকসু নেতা এস এম ফরহাদসহ কক্সবাজার জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা উপস্থিত ছিলেন।