নর্ডিক কূটনীতিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
ঢাকায় অবস্থিত নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের দূতাবাসের যৌথ উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর কূটনীতিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকাস্থ নর্ডিক দূতাবাস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নর্ডিক দেশগুলোর পক্ষে উপস্থিত ছিলেন রয়েল ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্নেশ বি. কার্লসেন, নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মারিয়ানা রাবা ক্নায়ভেলসরাড এবং সুইডিশ দূতাবাসের হেড অব পলিটিক্স, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন ওলা লুন্ডিন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মসীহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান এবং আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার।
সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, রাজনৈতিক নিরাপত্তা ইস্যু এবং নর্ডিক দেশগুলোতে বিদ্যমান পিআর (Proportional Representation) পদ্ধতির অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ভাবনা, আগামীর লক্ষ্য ও কৌশল নিয়েও মতবিনিময় হয়।
আলোচনায় উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, সাংস্কৃতিক বিনিময়, জ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সংলাপ ও মতবিনিময় অব্যাহত রাখার ব্যাপারে দুই পক্ষ সম্মত হন।