শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতল পাটি উপহার হিসেবে পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।

জনসভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে স্থানীয়দের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে শীতল পাটি উপহার দেওয়া হয়। উপহার গ্রহণের পর তিনি মঞ্চেই পাটি বিছিয়ে কিছুক্ষণ শুয়ে পড়েন এবং উপহারদাতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে ঝালকাঠি থানার মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরকারি বালক বিদ্যালয় মাঠে গিয়ে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এই জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ বিভিন্ন শরিক দলের নেতারা।

শীতল পাটি উপহারকে কেন্দ্র করে ডা. শফিকুর রহমানের মঞ্চে শুয়ে পড়ার ঘটনাটি জনসভায় উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের মধ্যে মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে ওঠে এবং পুরো সমাবেশে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495