নির্বাচিত হলে আ.লীগ নিষিদ্ধের আদেশ তুলে নেওয়ার দাবি জানাব: জাতীয় পার্টির মহাসচিব
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তার দল নির্বাচিত হয়ে সংসদে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞামূলক নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবি উত্থাপন করা হবে। তিনি এ নিষেধাজ্ঞাকে আইন ও সংবিধানবিরোধী উল্লেখ করে বলেন, “একমুখী নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শুক্রবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “যারা অপরাধ করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু একটি বড় রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা সংবিধানসম্মত নয়।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী মানসিকতা নিয়ে দেশকে পূর্বপরিকল্পিত একমুখী নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে সাধারণ জনগণের ভোটাধিকার গুরুত্ব হারাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি বিএনপির সঙ্গে জোট করতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছে। এনসিপি ও জামায়াত একই সত্তা।” তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয় পার্টিই নতুন বাংলাদেশ গড়ার টার্নিং পয়েন্ট হতে পারে। জনগণের শক্তিতেই আমরা প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।”
তিনি আরও উল্লেখ করেন, “জামায়াত নিষিদ্ধের সময়ও আমরা এর বিরোধিতা করেছি। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে জাতীয় পার্টি নয়।”
পথসভায় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদার, জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মুক্তিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।