সাংবাদিকদের মারধরের ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
রাজধানীর শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের মারধর ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে যমুনার সামনে কর্মসূচি পালন করছিল। এ সময় পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই পরিস্থিতিতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু দায়িত্ব পালনের সময় পুলিশের কয়েকজন অতিউৎসাহী সদস্য সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, পুলিশের হামলায় কালের কণ্ঠ, আরটিএনএন, যুগান্তর, মাই টিভি ও জাগরণ নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। তিনি বলেন, জামায়াতে ইসলামী মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্য একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে পায়ে লাথি মেরে ফেলে দেন, যা উদ্দেশ্যপ্রণোদিত ও অমানবিক আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের অপেশাদার ও অনাকাঙ্ক্ষিত আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় জড়িত দায়ী পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় এনে দ্রুত ও যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান জামায়াতের এই নেতা।