নিজের বিরুদ্ধেই ডাকা বিক্ষোভে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হলেও ব্যতিক্রমী এক ঘটনায় ওই কর্মসূচিতে স্বয়ং উপস্থিত থাকতে দেখা গেছে তাকেই। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিক্ষোভস্থলের সামনে উপস্থিত হতে দেখা যায়। এ সময় তিনি সেখানে বক্তব্যও দেন। তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।
পরবর্তীতে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়। ফেসবুক ব্যবহারকারী সাদিকুর রহমান খান এক পোস্টে মন্তব্য করেন, ‘আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল।’ তার এই মন্তব্যও অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে।