৫৯ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন সম্ভব? প্রশ্ন জামায়াত আমিরের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। নির্বাচনী প্রচারণায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বিএনপিকে কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়ে বিএনপি কীভাবে দুর্নীতি দমন করবে—তা বোধগম্য নয়।
ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
বিএনপির নাম উল্লেখ না করে ডা. শফিকুর রহমান বলেন, একটি দল দাবি করে ক্ষমতায় গেলে তারা দুর্নীতির টুঁটি চেপে ধরবে। কিন্তু ভালো কাজ শুরু করতে হয় নিজের ঘর থেকে। যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত, তাদেরকে মনোনয়ন দিয়ে, বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে কীভাবে দুর্নীতি দমন করা সম্ভব—এমন বক্তব্য শুনে জনগণ হাসে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন। দীর্ঘ সময় দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে থাকা ব্যক্তিরা দেশে ফিরে খুনের মামলা দিয়ে শত শত কোটি টাকা দাবি করছেন। গত ৬ আগস্ট থেকে শুরু করে এখনো এই অপকর্ম থামেনি বলেও অভিযোগ করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা কি এই জন্য লড়াই করেছিলাম যে, পুরোনো চাঁদাবাজের বোতলে নতুন চাঁদাবাজের জন্ম হবে?’