মোবাইল নিষিদ্ধ হলে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান পাটওয়ারীর
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মোবাইল নিষিদ্ধ করা হলে ভোটারদের ক্যামেরা নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে পাটওয়ারী বলেন, মোবাইল ফোন যদি নিষিদ্ধ করা হয়, তাহলে ভোটারদের উচিত সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া। কোথাও কোনো অনিয়ম বা অনৈতিক ঘটনা চোখে পড়লে তা ভিডিও করে সংরক্ষণ করার আহ্বান জানান তিনি। তার অভিযোগ, নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিতে পারে না এবং এর মাধ্যমে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ শুরু হয়ে গেছে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে শুধুমাত্র ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্যদের ক্ষেত্রে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল বহন নিষিদ্ধ থাকবে।
তবে এ নিষেধাজ্ঞা নিয়ে এখনও পুরোপুরি স্পষ্টতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। সোমবার এখন টিভিকে দেওয়া একান্ত ফোনালাপে তিনি বলেন, যদি গণমাধ্যমকর্মীরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েন, তাহলে বিষয়টি কমিশনাররা বসে সিদ্ধান্ত নেবেন।
এদিকে মোবাইল ফোন নিষিদ্ধ সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন বাতিল না হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার পথে’ হাঁটছে এবং একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট কারচুপির চেষ্টা করছে।
ডা. শফিকুর রহমান বলেন, যারা অবৈধ পথে ক্ষমতায় যেতে চায়, তাদের সতর্ক করা হচ্ছে। কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তবে সেই প্রচেষ্টা প্রতিহত করা হবে। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু ব্যক্তি বিশেষ গোষ্ঠীকে বিজয়ী করার চেষ্টা করছে। জনগণের রায় ছাড়া যদি কারচুপি করা হয়, তাহলে দেশে আবারও ‘জুলাই’ ফিরে আসতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা বারবার জুলাই চাই না।’