দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ: মির্জা ফখরুল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট নির্বাচনী প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন বক্তব্য ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। ইসলাম কখনোই এমন কথা সমর্থন করে না।”

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। তবে ধর্মের নামে চালানো এ ধরনের অপপ্রচার ইতোমধ্যেই দেশের খ্যাতনামা আলেমদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলে মত দিয়েছেন। একইভাবে চরমোনাইয়ের পীর জামায়াতকে পৃথিবীর সবচেয়ে বড় ‘মিথ্যাবাদী’ দল হিসেবে আখ্যা দিয়েছেন বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না।” এ কারণে ধর্মের নামে কেউ যেন বিভ্রান্ত না হন—সে বিষয়ে মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানান তিনি।

পথসভায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, ধানের শীষে ভোট দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ভোটের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করার আহ্বানও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495