ক্ষমতায় গেলে বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

ছবি: সংগৃহীত

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে জামায়াতে ইসলামিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা শুধু ঘরের ভেতর নয়, সমাজের মূলধারার নেতৃত্বেও সগৌরবে অংশ নেবেন। কর্পোরেট জগত থেকে রাজনীতি—সব ক্ষেত্রে কোনো বৈষম্য ছাড়াই নারীদের মেধার মূল্যায়ন করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে কোনো মা-বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না এবং নাগরিক অধিকার নিশ্চিত থাকবে।

ভাষণে ডা. শফিকুর রহমান জুলাইয়ের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দাবিতে। দীর্ঘদিন ধরে ভোটাধিকার, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের কারণেই জনগণ রাস্তায় নেমেছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ দেখতে চায়—যা তিনি ‘বাংলাদেশ ২.০’ হিসেবে উল্লেখ করেন। তরুণদের সাহস, মেধা ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর ভর করেই দেশের ভবিষ্যৎ নির্মাণ সম্ভব বলে দাবি করেন তিনি।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে গণভোট একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও বেকারত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও বলেন।

তিনি দাবি করেন, অতীতে জামায়াতে ইসলামীর দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। ক্ষমতায় গেলে সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন তিনি।

ভাষণের শেষ দিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495