মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে দলটির সর্বোচ্চ সিদ্ধান্ত অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় এলে কেউ অন্য দলে ভোট দিলে তাদের ছেড়ে দেওয়া হবে না এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট চাওয়ার কথাও শোনা যায়।
ভাইরাল ভিডিওতে তিনি আরও বলেন, তার বক্তব্য রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে কারও অসুবিধা নেই এবং তিনি তার কথার অর্থ স্পষ্টভাবেই বোঝাতে চান। তবে এসব বক্তব্যকে ভয়ভীতি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে বলে সমালোচনা শুরু হয়।
এদিকে মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেছেন, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেটে বিকৃত করে ছড়ানো হয়েছে। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও প্রকাশ করে বলেন, তার বক্তব্য ব্যক্তিগত আক্ষেপ থেকে নিজ এলাকার আত্মীয়দের সামনে দেওয়া হয়েছিল। একটি স্বার্থান্বেষী মহল সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমকে বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য দলীয় অবস্থানকে প্রতিফলিত করে না। এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য এবং এর দায় দলের নয়। তবে বিষয়টি নিয়ে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।