সিইসির সঙ্গে বৈঠকে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক ঘণ্টা আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিএনপির প্রার্থীদের ওপর হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের বিষয়গুলো কমিশনের কাছে তুলে ধরবেন তারা।
বিশেষ করে দিনভর দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সিইসিকে অবহিত করতেই এ জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতারা থাকবেন। বৈঠকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানানো হবে বলে জানা গেছে।