নির্বাচন শেষে দেশবাসীকে ধন্যবাদ ইসির, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সহযোগিতা করেছে, তার জন্য কমিশন কৃতজ্ঞ। পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে অন্যান্য উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495