এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস। ঢাকা-৮ আসনে বিজয়ী এই নেতা প্রশ্ন রেখে বলেছেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কিভাবে!’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পান মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
প্রতিপক্ষের ভোটপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভোটের আগে থেকেই তিনি ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কার কথা বলে আসছিলেন। তার ভাষ্য, ‘ভোট-পূর্ববর্তী তাদের যে প্রস্তুতি ছিল… আমি বারবার বলতাম যে ওরা ইঞ্জিনিয়ারিং করবে। সেই ইঞ্জিনিয়ারিংটা ওরা করে ফেলেছে। এটা আমরা বুঝতে পারি নাই। কোন কায়দায় করেছে, এখন বুঝতে পারছি।’
তিনি আরও বলেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কিভাবে!’
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভূমিধস জয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ব্যক্তিগতভাবে তিনি আনন্দিত এবং দেশবাসীও আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের রায়ের প্রতিফলন পাবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন—এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলাম। তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছি।’