নির্বাচনে হেরেও যেভাবে সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারীর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস-এর কাছে মাত্র ৫ হাজার ২০৯ ভোটের ব্যবধানে পরাজিত হলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রাজপথের পরিচিত এই মুখ নির্বাচনি লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে দেশজুড়ে দৃষ্টি কাড়েন।

গত ১২ ফেব্রুয়ারির ভোটে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে নিজের শক্ত অবস্থান জানান দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তবে নির্বাচনি পরাজয়ই তার রাজনৈতিক পথচলার শেষ নয়। নতুন রাজনৈতিক কাঠামোর আলোচনায় উঠে এসেছে উচ্চকক্ষ বা সিনেট গঠনের বিষয়টি। ‘জুলাই সনদ’ ও বর্তমান গণভোটের নিয়ম অনুযায়ী ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রয়েছে, যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেওয়া হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এনসিপি ৩০টি আসনে অংশ নিয়ে সারা দেশে মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের প্রায় ৩ দশমিক ২১ শতাংশ। সে হিসাবে উচ্চকক্ষে দলটির অন্তত ৩টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য তিন সদস্যের তালিকায় শীর্ষে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে তার শক্ত জনসমর্থন এবং দলীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকার কারণে তাকে নীতিনির্ধারণী উচ্চকক্ষে পাঠানোর বিষয়ে দলে একধরনের ঐকমত্য তৈরি হয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে মনোনয়ন নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি তিনি বর্তমান প্রেক্ষাপটে তরুণ নেতৃত্বের গুরুত্বের কথাও তুলে ধরেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495