বড় ব্যবধানে পরাজয়, ভরাডুবি চরমোনাই পীরের তিন ভাইয়ের
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৫৩টি আসনে প্রার্থী দিলেও জয় পেয়েছে মাত্র একটি আসনে। অধিকাংশ আসনেই উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে তারা। দুই শতাধিক আসনে জামানতও হারিয়েছে দলটির প্রার্থীরা।
এবার নির্বাচনে অংশ নেন দলের আমির ও চরমোনাই পীর হিসেবে পরিচিত সৈয়দ রেজাউল করীম-এর তিন ভাই। তবে কেউই জয়লাভ করতে পারেননি।
দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি পান ৯৩ হাজার ৫২৮ ভোট। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ফয়জুল করীম তৃতীয় স্থান লাভ করেন। এখানে বিএনপির আবুল হোসেন খান পান ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মো. মাহমুদুন্নবী (৫৪ হাজার ৫৩৩ ভোট)। হাতপাখা প্রতীকে ফয়জুল করীম পান ২৮ হাজার ৮২৩ ভোট।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে প্রার্থী ছিলেন পীরের আরেক ভাই সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৫৩ ভোট। এ আসনে বিএনপির রাজীব আহসান পান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট এবং জামায়াতের মোহাম্মদ আবদুল জব্বার পান ৭৪ হাজার ৬৮৪ ভোট।
ঢাকা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন পীরের আরেক ভাই মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। তিনি পান মাত্র ৬ হাজার ৫১৮ ভোট এবং জামানত হারান। এ আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ পান ৭৪ হাজার ৪৪৭ ভোট।
সামগ্রিকভাবে এবারের নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।