সরকার গঠনের বিপরীতে ‘ছায়া মন্ত্রিসভা’ ঘোষণা জামায়াত জোটের

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

এর বিপরীতে বিকল্প ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ ১১ দলীয় জোটের কয়েকজন শীর্ষ নেতা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুক পোস্টে জানান, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষ্য, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ওয়াচডগ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা।”

সুনামগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির-ও একই ধরনের ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সরকারিদল মন্ত্রিসভা গঠন করুক, বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করুক। সংসদের ভেতরে-বাইরে তুমুল বিতর্ক হোক— তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।”

এছাড়া ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান) সামাজিক যোগাযোগমাধ্যমে ছায়া মন্ত্রিপরিষদ গঠনের পক্ষে মত দিয়েছেন।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপি জোট ২১২টি আসন পেয়েছে। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে এবং শরিকরা ৩টি আসন পায়। অন্যদিকে ১১ দলীয় নির্বাচনি ঐক্য ৭৭টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদীয় রাজনীতিতে কার্যকর বিরোধী ভূমিকা রাখতে ছায়া মন্ত্রিসভা একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। তবে এর আনুষ্ঠানিক কাঠামো ও কার্যপদ্ধতি কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495