ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে লিখিত অভিযোগ পাটওয়ারীর

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে তিনি ফলাফল স্থগিত রেখে পুনঃগণনার আবেদন জানান।

অভিযোগপত্রে পাটওয়ারী দাবি করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ নানা অনিয়ম করেছেন।

তার অভিযোগ, একাধিক কেন্দ্রে বাতিল ঘোষিত ভোট ধানের শীষ প্রতীকের অনুকূলে গণনায় যুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসব অনিয়মে জড়িত থেকে অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন।

এ অবস্থায় ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত রেখে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাটওয়ারী। একই সঙ্গে পুনঃগণনা না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান বন্ধ রাখারও দাবি জানান তিনি।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495