কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: জামায়াত আমির

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় নিহত সমর্থক শাহ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর তিনি স্মরণসভায় অংশ নেন।

স্মরণসভায় ডা. শফিকুর রহমান বলেন, তিনি কোনো ধনী পরিবারে জন্ম নেননি, বরং একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষককে অসম্মান করা মানে তার বাবাকে অপমান করার শামিল। তিনি বলেন, সাধারণ মানুষকে সম্মান করা তার ঈমানি দায়িত্ব।

জামায়াত আমির আরও বলেন, কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ তার কাছে আতরের মতো মনে হয়। অনেকেই গরিব মানুষের সঙ্গে হাত মিলিয়ে আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন উল্লেখ করে তিনি বলেন, তিনি সেই ঘামকে সম্মানের চোখে দেখেন এবং ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন।

তিনি জানান, দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে তিনি বিশেষ আনন্দ পান—নিষ্পাপ শিশু এবং দিনমজুর-শ্রমজীবী মানুষ। শিশুদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যের অনুভূতি হয় বলেও মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যতদিন সংগঠনের দায়িত্বে থাকবেন ততদিন এই দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যৎ নেতৃত্বও তা অব্যাহত রাখবে বলে আশা করেন।

ইটনার কর্মসূচি শেষে তিনি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে মারা যান শাহ আলম।

স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495