চাদাঁবাজির অভিযোগে নিজদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিলেন নবনির্বাচিত এমপি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত

দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নির্দেশনা দেন লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

রামগতি থানায় মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও ও অডিও বার্তায় এমপি নিজান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি আইনজীবীদের প্রতি অনুরোধ জানান, অভিযুক্তদের পক্ষে যেন আইনি সহায়তা না দেওয়া হয়।

এমপির নির্দেশনার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে মামলা করেন। আসামিদের মধ্যে রয়েছেন চর রমিজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, ইউপি সদস্য সুমন উদ্দিন, চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মামলা সূত্রে জানা গেছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন এবং ব্যবসায়ী ও ইটভাটা মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চর পোড়াগাছা ইউনিয়নের একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর ও কাজ বন্ধ করে দেওয়ারও অভিযোগ করা হয়েছে।

এছাড়া রামদয়াল বাজারে এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

এ বিষয়ে এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, রামগতি-কমলনগরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা অঙ্গসংগঠনের কেউ অপরাধে জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী ইশতেহারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেছিলেন এমপি নিজান। নির্বাচিত হওয়ার পরপরই তিনি এসব অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495